মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. ফরহাদ হোসেন ওরফে বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) শ্রীনগর থানাধীন রাঢ়িখাল এলাকায় আল আমিন মৃধার মুদি দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরহাদ হোসেন ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকার মৃত গফুর আকনের ছেলে। তিনি শ্রীনগরের বালাসুর ফ্যান ফ্যাক্টরি এলাকায় শহিদুল বেপারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।