সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য সহকারীর ৬৮ শতাংশ পদ শূন্য, ব্যাহত জনস্বাস্থ্যসেবা টঙ্গিবাড়ী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান রবিউল আলম ব্যাপারী শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত কারখানার সামনে যুবককে কুপিয়ে জখম, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ; গ্রেপ্তার ২ সেবা, সততা ও উন্নয়নের প্রত্যয়ে চরকেয়ার ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান সবুজ মাহমুদ সরকার আওয়ামী লীগ আমলে সুবিধাভোগের অভিযোগ, বিএনপির পদে জুনায়েদ খান; বালু উত্তোলন ও চাঁদাবাজির অভিযোগ পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে স্বাস্থ্য সহকারীর ৬৮ শতাংশ পদ শূন্য, ব্যাহত জনস্বাস্থ্যসেবা

মুন্সীগঞ্জে স্বাস্থ্য সহকারীর ৬৮ শতাংশ পদ শূন্য, ব্যাহত জনস্বাস্থ্যসেবা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে স্বাস্থ্য সহকারীর চরম জনবল সংকটে ব্যাহত হচ্ছে মাঠপর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা। জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় স্বাস্থ্য সহকারীর অনুমোদিত ২৪৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৭৮ জন। শূন্য রয়েছে ১৬৭টি পদ, যা মোট পদের প্রায় ৬৮ শতাংশ। প্রয়োজনীয় জনবলের অভাবে শিশুদের নিয়মিত টিকাদান, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগ প্রতিরোধ কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় সীমিত জনবল দিয়ে অতিরিক্ত এলাকার দায়িত্ব পালন করতে হচ্ছে কর্মরত স্বাস্থ্য সহকারীদের। এতে একদিকে বাড়ছে কর্মীদের ওপর কাজের চাপ, অন্যদিকে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সরকারের গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। এ অবস্থায় দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে শূন্য পদ পূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের মুন্সীগঞ্জ জেলা শাখা।

রোববার (১৫ নভেম্বর) সংগঠনটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার জনবল সংকটের চিত্র তুলে ধরে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১০ সালের পর থেকে মুন্সীগঞ্জ জেলায় স্বাস্থ্য সহকারী পদে কার্যকর কোনো নিয়োগ সম্পন্ন হয়নি। ২০১৪ ও ২০১৮ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও মামলাসংক্রান্ত জটিলতায় নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে জটিলতা নিরসনের পর ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ১২৬ জন স্বাস্থ্য সহকারী নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। ফলে একদিকে শূন্য পদের সংখ্যা বাড়ছে, অন্যদিকে বিদ্যমান জনবল দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

স্বাস্থ্য সহকারীরা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, হাম-রুবেলা টিকাদান, কিশোরীদের এইচপিভি টিকাদান, যক্ষ্মা নিয়ন্ত্রণ, সংক্রামক রোগ প্রতিরোধ ও নজরদারি, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস এবং স্কুল হেলথ প্রোগ্রাম বাস্তবায়নে মাঠপর্যায়ে সরাসরি কাজ করেন তারা। ফলে এ পদে দীর্ঘস্থায়ী জনবল সংকট থাকলে এসব কর্মসূচির ধারাবাহিকতা ও কার্যকারিতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনটির দাবি, দীর্ঘ ১২ থেকে ১৪ বছর ধরে অনেক স্বাস্থ্য সহকারীকে নিজ ওয়ার্ডের পাশাপাশি অতিরিক্ত দুই থেকে তিনটি ওয়ার্ডের দায়িত্ব পালন করতে হচ্ছে। এসব ওয়ার্ডের মধ্যে কোনো কোনো এলাকার দূরত্ব ১২ থেকে ২১ কিলোমিটার পর্যন্ত। অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে যাতায়াত বাবদ প্রতি মাসে নিজ বেতন থেকে প্রায় ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা ব্যয় করতে হচ্ছে তাদের। এতে আর্থিক চাপের পাশাপাশি দায়িত্ব পালনে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মীদের।

এ পরিস্থিতিতে ছয় দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, নিয়োগসংক্রান্ত প্রশাসনিক ও আইনগত জটিলতা নিরসন, নির্বাচিত প্রার্থীদের দ্রুত নিয়োগ ও পদায়ন এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে কর্মরত স্বাস্থ্য সহকারীদের অতিরিক্ত কাজের চাপ কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

পাশাপাশি নিজস্ব ইউনিয়ন ও ওয়ার্ডের বাইরে অন্য এলাকায় নিয়মিত ইপিআই টিকাদানসহ অন্যান্য দায়িত্ব পালন থেকে স্বাস্থ্য সহকারীদের অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে। মাঠপর্যায়ে জনস্বাস্থ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মুন্সীগঞ্জ জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব বলেন, স্বাস্থ্য সহকারী নিয়োগ কেবল চাকরিপ্রত্যাশীদের কর্মসংস্থানের বিষয় নয়; এটি জেলার লাখো মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নিয়মিত টিকাদান এবং সংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলেন, দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে আর বিলম্ব না করে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন। জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা তাদের।

Facebook Comments Box





  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!