মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানা হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বিবিসিতে প্রচারিত সংবাদের মাধ্যমে টঙ্গিবাড়ী থানাকে হানাদার মুক্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধারা। ঐতিহাসিক এ দিনটি স্মরণে রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় টঙ্গিবাড়ী উপজেলা অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, টঙ্গিবাড়ী উপজেলা কমান্ড, মুন্সীগঞ্জের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর সিদ্দিক মোল্লা। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং টঙ্গিবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বীর মুক্তিযোদ্ধা মো. মহসিন মিয়া, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. জামাল হোসেন, সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের।
এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার; মো. আলী আজগর (রিপন) মল্লিক, সভাপতি, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি; বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম (নীরু) ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক এবং মো. আকতার হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, টঙ্গিবাড়ী থানা হানাদার মুক্ত হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরা হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রত্যাশা করছেন আয়োজকেরা।