শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার ১৩টি পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে পৌর বিএনপি। সভা শেষে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৬টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিসভা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলাঘাট হরিসভা কেন্দ্রীয় পূজামণ্ডপের সভাপতি নকুল চন্দ্র পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মীরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ জসিম উদ্দিন আহম্মেদ, মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান এবং সহসভাপতি তাইজুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক রাজু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম নয়ন, সাবেক পৌর ছাত্রদল নেতা খসরু নোমান, পৌর ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মীরকাদিম পৌরসভার ১৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের বিষয়ে আলোচনা হয়।
পরে মীরকাদিম পৌর বিএনপির পক্ষ থেকে পৌরসভার ১৩টি পূজামণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে উপহার প্রদান করেন আলহাজ জসিম উদ্দিন আহম্মেদ। এতে মোট ১ লাখ ৩০ হাজার টাকা উপহার দেওয়া হয়।
স্থানীয়ভাবে দুর্গাপূজা উদ্যাপনে সহযোগিতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা নিয়ে এ আয়োজন করা হয়।