নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে বিজয়ী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে অংশ নেয়।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও একক নৃত্য—এই পাঁচটি বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিযোগিতা পরিচালনা, শৃঙ্খলা ও বিচারক প্যানেল উপকমিটির আহ্বায়ক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ প্রতিযোগিতাস্থলে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিচার কার্যক্রম তদারকি করেন।
আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, দেশীয় সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।