রেজাউল করিম হৃদয়, কক্সবাজার :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ (ASA)-র উদ্যোগে ৩ দিন ব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ (১২ অক্টোবর)সোমবার সকালে আশা ডুলাহাজারা ব্রাঞ্চ কার্যালয়ে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু।
আশার ডুলাহাজারা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এস.আর.এম.) শিপি দাশ সিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন।
৩ দিন ব্যাপী এই ক্যাম্পে এলাকার দরিদ্র, অসহায় এবং বাত-ব্যথা, প্যারালাইসিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নত ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ চিকিৎসক ডা. রোকসানা আক্তার লিজা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু বলেন, “সুস্থ ও কর্মক্ষম সমাজ গঠনে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ গ্রামীণ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যে ফ্রি ক্যাম্পের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
আশার আঞ্চলিক কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নত ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করতেই এই ক্যাম্পের আয়োজন। ৩ দিন ব্যাপী চলমান এই ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।