বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, টঙ্গীবাড়ির প্রবাসী পরিবারসহ আহত ৯
নিজস্ব প্রতিনিধি
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াপ্রবাসী স্বজনকে নিয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৫ জুলাই) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের আনাম কোল্ড স্টোরেজ এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রহিম শেখ, সূচনা, রাসেল, রবিন শেখ (২৮), রোকসানা (২২), তানহা (১৫), পিংকি (১৪), নুসরাত (৩০) ও মো. আলী (৬০)।
স্থানীয় সূত্র জানায়, ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াপ্রবাসী এক স্বজনকে নিয়ে পরিবারের সদস্যরা মাইক্রোবাসযোগে টঙ্গীবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়দের অভিযোগ, ট্রাকটি দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে চলছিল। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রহিম শেখ ও সূচনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।