প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)
মুন্সীগঞ্জের গজারিয়ায় হালিমা আক্তার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় গজারিয়া থানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গজারিয়ার শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি গজারিয়া থানা সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সেলিম মিয়া, গজারিয়া উপজেলা এনসিপির সংগঠক ইউসুফ হাসান, মশিউর রহমান সাব্বির, সোহাগ মিলন, সিয়াম সিকদার, আজমীরসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ ।
মানববন্ধনে বক্তারা বলেন, হালিমা হত্যাকাণ্ড একটি বর্বর ও নৃশংস ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া যাবে না। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সেলিম মিয়া বলেন, হালিমা হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, এটি পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা । অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে। তাই আমরা হালিমা হত্যার আসামিদের ফাঁসি চাই দিতে হবে ।