মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের বহুল আলোচিত ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লা (৬০)কে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ জুন ২০২৬ সকালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে কোলা গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস মোল্লা (৫০)কে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২০ জুন ২০২৬ রাতে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার মুন্সীগঞ্জের সার্বিক নির্দেশনা ও সিরাজদিখান থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ২৫ জুলাই ২০২৬ রাত ১২টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতলী এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এর আগে একই মামলায় এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমনে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।