নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
এর আগে সোমবার রাতে আশুলিয়ার গোহাইলবাড়ি, বাসাইদ ও সুবন্ধি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়ার গোহাইলবাড়ী এলাকার মৃত রাইজ উদ্দিনের ছেলে মোঃ বশির উদ্দিন ওরফে বশু (৫৫),আশুলিয়ার বাসাইদ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে তারেক শিকদার (৫৭) ও আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি নামাপাড়া এলাকার মোঃ তাজুল ইসলাম ওরফে তারার ছেলে মোঃ সোহরাব (৩২)। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সক্রিয় নেতাকর্মী বলে জানা যায়।
পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার রাতে আশুলিয়ার গোহাইলবাড়ী, বাসাইদ ও সুবন্ধি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিশিদ্ধ ছাত্রলীগসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন শেষ করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।