নিজস্ব প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার ফেরারি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪শে মে ) সকালে শ্রীনগর থানাধীন বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ শ্রীনগর থানার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে এসআই গণেশ বিশ্বাস, এসআই শরিফুল ইসলাম, এসআই মীর রুহিন আহম্মেদ এবং এসআই মোঃ মাইনুল হক খাঁন অংশ নেন।
অভিযানে গ্রেফতার হওয়া আসামি হলেন সজীব (৩৩)। তিনি শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘড়া এলাকার ধলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
পুলিশের তথ্যমতে, গত ১৩ মে মাদক বিক্রির টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে সজীব তার প্রতিবেশী রুহিথ (২৭) নামের এক যুবককে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। আহত রুহিথ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।