মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই শিশুকে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণে প্ররোচনা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছে তার পরিবার।
অভিযুক্ত মো. আলমগীর হোসেন সরদার (৪২) ওই বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত। এ ঘটনায় শনিবার (১২ জুলাই) ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, দপ্তরি আলমগীর সরদার ওই ছাত্রীকে নিজের মুঠোফোনে আপত্তিকর ছবি ও ভিডিও দেখান এবং একই ধরনের ছবি ও ভিডিও ধারণ করে ইমো ও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর জন্য চাপ দেন। এর আগে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নিয়ে শিশুটিকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ছাত্রীর মা।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। এতে শিশুটি মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে।
পরিবারের অভিযোগ, বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ জানালে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে থানায় যাওয়ার পরামর্শ দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আখতার জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দপ্তরি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, দপ্তরির বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ও শিশু সুরক্ষা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।