মুন্সীগঞ্জে নানা আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে। আজ সোমবার বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা। সকাল সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে ১৪ টি স্টল বসেছে।
জেলা প্রশাসক ফাতেমাতুস জান্নাতের নেতৃত্বে পুলিশ সুপার মো.শামসুল আলম সরকার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এবারের শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহের ঢাক-ঢোল পিটিয়ে বিভিন্ন প্রতীকী উপস্থাপনের নানান বিষয় স্থান পেয়েছে। এ ছাড়াও রঙ-তুলির আঁচড়ে আঁকা বাঘ,সিংহসহ নানা রকমের মুখোশের দেখা মিলেছে। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
এদিকে, নতুন বছরকে বরণে পান্তা ইলিশের আয়োজন করা হয় জেলা প্রশাসকের বাস ভবনে। সেখানে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়াও সর্বস্তরের মানুষ পান্থা ইলিশ ভোজনে যোগ দেন।
আনন্দ শোভাযাত্রা ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় পুরো এলাকা বলে জানান মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। #