মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) রাত ১টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ থানার গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আকরাম রাঢ়ী (৩২)। তিনি গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আকরামের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জনগণকে অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।