মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে গরুর খামারে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১০ লাখ টাকা মূল্যের তিনটি গরু উদ্ধার করা হয়েছে৷
বুধবার রাত সাড়ে ৯টায় দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।
এর আগে একই দিন সকালে কুমিল্লা থেকে ডাকাত সদস্যদের গ্রেপ্তার ও দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গরু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার তুরাজডাঙা এলাকার লিটন (৩২) ও দাউদকান্দি এলাকার মো. শাহাজালাল (৫২)।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, গত ০৩ মে রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হামিদপুর এলাকার আদর্শ গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় অস্ত্রের মুখে খামারে থাকা লোকজনকে মারধর ও জিম্মি করে গরু লুটে নেয় ডাকাত সদস্যরা। এ ঘটনায় খামার মালিক কালাচান সদর থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিলার দাউদকান্দি থেকে লিটন ও চক্রের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত শাহজালালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে নারায়গঞ্জের সোনারগাঁও মিরেরট্যাক কলতাপাড়া এলাকার বেপারী ফার্ম থেকে লুণ্ঠিত তিনটি উন্নত জাতের গরু উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত মোট ছয় জনকে চিহ্নিত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।