শেখ মোহাম্মদ রতন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া দুই ছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় মাওয়া গামী বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে মোটরসাইকেল দুটি সিটকে রাস্তার উপর পড়ে যায়।
এতে ঘটনাস্থলে রিপন হোসেন ইয়ান (২১) নামক এক কলেজ ছাত্র নিহত ও মোটরসাইকেলে থাকা অপর ৩ জন গুরুতর আহত হয়। আহতরা হল জুম্মান হোসেন (২২), জান্নাত আক্তার (১৮) ও মোঃ আব্দুল্লাহ (২৩)।
নিহত রিপন হোসেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাইসদাইর এলাকার আবুল হোসেনের ছেলে। সে তুলারাম কলেজের ছাত্র। আহত অপর আহতদের বাড়ি একই এলাকায়।তারা সকলেই মাওয়া এলাকায় ঘুরতে এসেছিল বলে পুলিশ জানিয়েছেন।
অপরদিকে শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-দোহার সড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা তিন দোকান নামক স্থানে অটো রিক্সাচাপায় আব্দুল্লাহ বিন তালহা (৬) নামক এক মাদ্রাসা ছাত্র নিহত হন।
নিহত তালহা শ্রীনগর উপজেলার দক্ষিণ উমপাড়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
সে শ্রীনগর উপজেলার দামলা আব্দুল ওহাব দারুচ্ছুন্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।