মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) বেলা ২টায় এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী-এর নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, গবেষণামূলক মনোভাব বিকাশ এবং ব্যবহারিক শিক্ষাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞান ল্যাবে প্রয়োজনীয় উপকরণ সংযোজনের ফলে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা গ্রহণের আরও ভালো সুযোগ পাবে এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষা কার্যক্রম অধিকতর গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।