বৃহস্পতিবার দেশব্যাপী একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মুন্সিগঞ্জ জেলায় পাশের হারে প্রথম স্থান অর্জন করেছে টংগিবাড়ী উপজেলার স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়।
ফলাফল বিশ্লেষণ করে জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো এবারের এসএসসিতে। এর মধ্যে মাত্র ২ জন অনুত্তীর্ণ হয়েছে। এখানে পাসের হার ৯৭.৯৬ শতাংশ। তবে, কেউ জিপিএ-৫ পায়নি।
পাসের হারে সেরার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গজারিয়া পাইলট গার্লস হাই স্কুল, পাসের হার ৯৭.২২ শতাংশ। তৃতীয় গজারিয়া উপজেলার হোসেন্দী হাই স্কুল, পাসের হার ৯৬.৩০ শতাংশ। চতুর্থ টংগিবাড়ী উপজেলার পুরা দুর্গাচরণ হাই স্কুল, পাসের হার ৯৬.১০ শতাংশ। পঞ্চম গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল, পাসের হার ৯৬.০৯ শতাংশ।