নিজস্ব প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি নোয়াহ গাড়িকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে মাওয়ামুখী লেনে কুচিয়ামোড়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নোয়াহ গাড়িতে করে একটি পরিবার গ্রামের বাড়ি নড়াইলে যাচ্ছিল।
পথে সিরাজদিখানের কুচিয়ামোড়া সেতুর ওপর গাড়িটি বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে নোয়াহ গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা একই পরিবারের ৭ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহতরা হলেন— হাসিবুর রহমান শান্ত (২৮), রাব্নি হাসান (২৬), লায়লি বেগম (৬৫), সাব্বির (২০), হৃদয় (২৫), শুভ কাজী (১৯) ও ফেরদৌসী বেগম (৪৫)।