মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় যাত্রীবাহী বাস চাপায় এক পথচারী (৫৫) নিহত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পৌণে ২ টার দিকে এই ঘটনা ঘটে। ওই পথচারীর (পুরুষ) পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
এছাড়া দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লেগে দুইজন গুরুতর আহত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পারাপারের সময় দূরপাল্লার একটি বাস লোকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লোকটি মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করেছি।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, অজ্ঞাত লাশটি আমাদের হেফাজতে রাখা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।#