ডেঙ্গুর বিস্তার রোধ ও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে মুন্সীগঞ্জ শহরের কাটাখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং মুন্সীগঞ্জ পৌরসভার সহযোগিতায় এ অভিযান অনুষ্ঠিত হয়।
“দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আওতায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে কাটাখালী খালে এ পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। এতে বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
অভিযান চলাকালে কাটাখালী খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে খালের স্বাভাবিক পানি প্রবাহ সচল রাখা ও পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, খাল ও জলাশয়ে ময়লা-আবর্জনা জমে থাকলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তাই নিয়মিত খাল পরিষ্কার রাখার মাধ্যমে জলাবদ্ধতা কমানোর পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে “দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আওতায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী চলবে।
কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানান।