নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবক সিয়াম হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মতিন (৪৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মতিন আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত সিয়ামকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৯ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মুক্তার হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব আরও জানায়, এর আগে গত ১১ জুলাই একই মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি হিরণকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মতিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।