চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার দুইজন হলেন- মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)। তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, তল্লাশিতে নিয়োজিত পাঁচজন পুলিশ সদস্যের ওপর তারা চড়াও হন। এ সময় পুলিশ সম্পর্কে চিৎকার করে বিভিন্ন নেতিবাচক কথা বলতে শোনা যায় তাদের। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের আঘাত করেন।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, হামলায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তরা হলেন- চান্দগাঁও থানার এসআই হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।
ওসি আরও জানান, হামলার পর দুইজনকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আক্রমণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।