গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় শিশু রামিসাসহ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং হামে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মে) গাইবান্ধা জেলার মালিবাড়ি অঞ্চলের ফকিরের বাজারে ‘বিপ্লবী ছাত্র আন্দোলন’ ও ‘বাংলাদেশ নারী আন্দোলন’-এর যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্য শামীম আরা মিনা এবং বিপ্লবী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সংগঠক রুদ্রনীল। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের সদস্য অ্যাডভোকেট মমিনুল ইসলাম, কমরেড জাহিদুল হক ও কমরেড কৃষ্ণচন্দ্র পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ঘরে-বাইরে কোথাও নারী ও শিশুরা নিরাপদ নয়। একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তারা অবিলম্বে দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে নারী ও শিশুদের জন্য নিরাপদ ও ভয়হীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা হামে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, হামের টিকা সরবরাহে সরকারের কার্যকর উদ্যোগের অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এত শিশু প্রাণ হারিয়েছে।
বক্তারা বলেন, আন্তর্জাতিক সংস্থার সতর্কবার্তা থাকা সত্ত্বেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা এই ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সমাবেশ থেকে শিশু রামিসাসহ সকল নারী ও শিশু নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে স্বাস্থ্যখাতের ব্যর্থতার বিচার দাবি করে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে