প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার আনারপুরা খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভবেরচর স্পোর্টিং ক্লাব ও হোসেন্দী স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হোসেন্দী স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ভবেরচর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয় তুলে নেয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক এ. কে. এম. ইরাদত হোসেন মানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ।
টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকীব আকরাম হোসেন, সংসদ সদস্যের সহধর্মিণী মিসেস নূরে জান্নাত রোশনী, গজারিয়া জনকল্যাণ সমিতির মহাসচিব মফিজুর রহমান আলো এবং মাহফুজুল হক শিকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, ইসহাক আলী, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আনারপুরা খেলার মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর এমন আয়োজনকে ঘিরে এলাকার তরুণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে দর্শকদের ভিড় জমে ওঠে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত হোসেন্দী স্পোর্টিং ক্লাবের একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হোসেন্দী স্পোর্টিং ক্লাব।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও জমজমাট প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছেন।