প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় পুলিশ ২ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রমজান ও আবু সাইদ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লখ্য গত ১২ মে ২০২৫ বিকেলে আব্দুল্লাপুর গ্রামে জাকির হোসেনের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৪ মে গজারিয়া থানায় মামলা নং ২৪/২০২৫ রুজু হয়। মারধর, ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
বাদী মোঃ জাকির হোসেনের অভিযোগ, আসামিরা লোহার রড ও কাঠের ডাসা দিয়ে তার ছেলের বন্ধুদের মারধর করে এবং তার বড় ছেলে শাহিনকে গলা টিপে হত্যার চেষ্টা করে। এ সময় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ।
গজারিয়া থানার এসআই মোঃ মাজহারুল ইসলাম বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ পর্যন্ত রমজান ও আবু সাইদ নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে পুলিশের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তারা দাবি করেছেন, মামলাটির সুষ্ঠু তদন্ত হোক এবং বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।