গজারিয়া প্রতিদিন ( মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের গজারিয়া থানার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাজেদুল ইসলাম লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত সৈকতকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৫টার দিকে র্যাব-১১ এর একটি দল রাজধানীর সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে সৈকতের এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত সৈকত গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের সাইফুল মিয়ার ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, সৈকতের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ মোট ১০ থেকে ১৫টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সাজেদুল ইসলাম লালু ও তার সহযোগী পিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অপরাধ জগতে সক্রিয় ছিলেন।
সূত্র আরও জানায়, সুটার মান্নান, হৃদয় বাঘ ও জয় হত্যাসহ একাধিক হত্যা মামলায় সৈকতের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পাশাপাশি মারামারি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন তিনি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিজ অবস্থান প্রতিষ্ঠা করেন সৈকত।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।