গজারিয়া (মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে গজারিয়ায় সমাজকল্যাণ মন্ত্রনালায়ের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, প্রতিবন্ধীরাও মানুষ, তাদের দেখভাল সবার দায়িত্ব।
তিনি বলেন, “আমাদের সবাইকে সমাজের জন্য, দেশের জন্য কাজ করতে হবে ।” প্রতিমন্ত্রী বলেন, সমাজে যারা প্রতিবন্ধী, তাদের প্রতি রাষ্ট্রের, সরকারের যেমন দায়িত্ব আছে, এই সমাজে বসবাস করা সবারই তেমনি দায়িত্ব আছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এসময় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং তাদের খোঁজ-খবর নেন।