মোঃ রাশেদ হাসান, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোঃ নাসির মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মধুমতী সেতুর টোল প্লাজা এলাকার সার্ভিস লেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাসির মিয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের মৃত সরোয়ার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে মধুমতী সেতুর টোল প্লাজা এলাকার সার্ভিস লেনে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, টোল প্লাজা এলাকায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
ওসি আরও বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি নিয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে।”