বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) এর মহাসচিব জনাব মোঃ ফয়সাল হাওলাদার সাংবাদিকতার মানোন্নয়ন ও ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য কমাতে একটি বাস্তবভিত্তিক প্রস্তাব তুলে ধরেছেন। তিনি বলেন, “প্রতিটি উপজেলা প্রেসক্লাবকে অবশ্যই নিয়মিতভাবে তাদের সদস্যদের কাজের পর্যালোচনা করতে হবে। কে মাসে কয়টা সংবাদ প্রকাশ করছেন, কী ধরনের প্রতিবেদন করছেন—এসব যাচাই-বাছাই করা গেলে সাংবাদিক নামধারী সুবিধাভোগীদের চাপে প্রকৃত সাংবাদিকদের পেশাগত পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না।”
তিনি বলেন, “অনেকেই এখন কেবল একটা প্রেস কার্ড সংগ্রহ করে সাংবাদিক পরিচয়ে নানা অপকর্মে লিপ্ত হচ্ছেন। অথচ তাদের হাতে কোনো নিউজ নেই, রিপোর্ট নেই, জনসেবামূলক কাজও নেই। ফলে প্রকৃত সাংবাদিকরা সম্মানহানির শিকার হচ্ছেন।”
বসকো মহাসচিব প্রস্তাব দেন— উপজেলা প্রেসক্লাবগুলোকে বাধ্যতামূলকভাবে সদস্যদের মাসিক রিপোর্টিং কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। অন্তত প্রতি মাসে কতটি সংবাদ প্রকাশ হয়েছে তা রিপোর্ট আকারে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে ইউনিয়ন পর্যায়েও উপ-কমিটি গঠন করে যাচাই-বাছাই কার্যক্রম চালাতে হবে।”
তিনি আরো বলেন, এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে সাংবাদিকতার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, পাশাপাশি কথিত সাংবাদিক পরিচয়ে যারা বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করছেন, তাদের সংখ্যা কমে আসবে।
মহাসচিব তার বক্তব্যের শেষাংশে বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি দায়িত্ব, এটি জনগণের মুখপাত্র হওয়ার শপথ। যারা শুধুমাত্র পরিচয়ের জন্য এ পেশায় আসেন, তারা সাংবাদিকতার চেতনার সঙ্গে প্রতারণা করেন। আর সেটিই বন্ধ করার এখনই সময়।”
সাংবাদিকতার মান রক্ষা করতে হলে স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়াতে হবে, তবেই সাংবাদিকতা তার প্রকৃত গন্তব্যে পৌঁছাবে।