মাধবপুর উপজেলার শাহপুর গ্রাম—সবুজ পাহাড়ের টিলায় ইতিহাস, আধ্যাত্মিকতা ও অলৌকিক ঘটনার নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এক পবিত্র স্থান শাহপুর মোকাম। এখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন হযরত শাহ শরীফ উদ্দিন ও শাহ সুলতান গাজীউর রহমান বাগদাদী (রহঃ)।
ধারণা করা হয়, হযরত শাহজালাল (রহঃ) ইয়েমেন থেকে ভারতীয় উপমহাদেশে আগমন করেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে ১০ হিজরী (প্রায় ১২৭১ খ্রিষ্টাব্দ) সালে। সেই সফরে তাঁর সঙ্গে সফর করেছিলেন ৩৬০ আউলিয়া। শাহপুর মোকাম সেই সফরসঙ্গীদের মধ্যে দুইজনের চিরনিদ্রার স্থান। শাহজালালের সঙ্গে এই দুই আউলিয়া—হযরত শাহ শরীফ উদ্দিন ও শাহ সুলতান গাজীউর রহমান বাগদাদী (রহঃ)—সিলেটসহ আশপাশের এলাকায় ইসলামের দাওয়াত ও শিক্ষা ছড়িয়ে দেন।
খেদমতের উত্তরাধিকার :
বর্তমানে এই পবিত্র মোকামের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শাহ আলম।
শাহপুর মোকামের খাদেম পরিবারের উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম ধরে খেদমত করে আসছে।
স্থানীয় মুরুব্বি ও খাদেম পরিবার বর্ণনা করেন, শাহপুর মোকামে শায়িত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি পাহাড়ের প্রাণীকূল, বিশেষত বাঘসহ নানা যন্ত্রুও শ্রদ্ধাশীল ছিল। তাঁরা প্রয়োজনমতো হাজির হত এবং তাদের ইশারায় চলাফেরা করত।
মুক্তিযুদ্ধের সময় একদল পাঞ্জাবি সৈন্য দরগাহ প্রাঙ্গণে আসেন ও একটি বটগাছের ডাল ভেঙে দেন। মুহূর্তে তাদের ভয়াবহ পরিণতি হয়। একজন সৈন্য দরগাহর দিকে অস্ত্র তাকাতে চাইলে অলৌকিকভাবে স্থির হয়ে যান। পরে ভীত হয়ে তিনি তৎকালীন খাদেমের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর মুক্তি পান এবং পুরো দল শ্রদ্ধাভরে স্থান ত্যাগ করে।
স্থানীয়রা বলেন, “ওলিদের দরগাহতে অসম্মান হয় না। আল্লাহর প্রিয় বান্দাদের মর্যাদা আল্লাহ নিজেই রক্ষা করেন।”
শাহপুর মোকাম এখন শুধু মাধবপুর নয়, আশেপাশের জেলার মুসলিম ভক্তদের আধ্যাত্মিক আশ্রয়স্থল। বিশেষ করে বৃহস্পতিবার ও জুমার দিনে দরগাহ প্রাঙ্গণ ভরে ওঠে জিকির, দরুদ ও তসবিহের আওয়াজে।
প্রতি বছরের শেষ অংশে তিন দিনব্যাপী জমজমাটভাবে পালিত হয় ওরস মোবারক, যেখানে হাজারো ভক্ত ও আশেকান অংশ নেন। এই সময় পুরো মোকাম আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শাহপুর পাহাড়ি টিলা ও শান্ত পরিবেশ ধর্মপ্রাণ মানুষদের কাছে প্রশান্তির প্রতীক। স্থানীয়রা দাবি করেন, যথাযথ সংরক্ষণ ও সরকারি উদ্যোগে শাহপুর মোকামকে উন্নয়ন করা হলে এটি হবিগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক কেন্দ্র হয়ে উঠবে।
শাহপুর মোকাম শুধু একটি ধর্মীয় স্থান নয়—এটি ইতিহাস, বিশ্বাস, অলৌকিকতা ও আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। এখানে আজও অনুভূত হয় আল্লাহর প্রিয় বান্দাদের দরবারের বরকত ও রহমতের সুবাস, যা শাহজালাল (রহঃ) ও তাঁর সফরসঙ্গী দুই আউলিয়ার স্মৃতিকে অমর করে রেখেছে।