মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আলোচিত অপহরণ ও মুক্তিপণ দাবির মামলার মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড)সহ আরও দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, ধারাবাহিক তদন্ত এবং আন্তঃথানা সমন্বয়ের মাধ্যমে ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সীগঞ্জের দক্ষিণ ইসলামপুর এলাকার মুনিয়া আক্তার সাফা ওরফে সাফামনি (২০) এবং নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা মো. নুর হাছান নাঈম (২৩)। বর্তমানে নাঈম ঢাকার নয়াপল্টন এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) রাত ১টা ৩০ মিনিটে পল্টন থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে এসেছে, মুনিয়া আক্তার সাফাই অপহরণ ও মুক্তিপণ আদায়ের পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী।
পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীকে কৌশলে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় নিয়ে গিয়ে জিম্মি করা হয় এবং পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এর আগে একই ঘটনায় গত ২৮ জুন আরও তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সর্বশেষ এই অভিযানের মাধ্যমে মামলার পাঁচজন এজাহারভুক্ত আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম বলেন, জেলা পুলিশের দ্রুত পদক্ষেপ, কার্যকর তদন্ত ও পেশাদারিত্বের কারণে অল্প সময়ের মধ্যেই মামলার সকল এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
অপরাধ দমনে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।