মুন্সীগঞ্জ প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আরিফ উল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মো. শাহীন মিয়া, জোটের সদস্য অ্যাডভোকেট মোস্তফা আল মামুন টিটু, অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন, অ্যাডভোকেট মজিবুর রহমান শেখ, হুমায়ূন ফরিদ, সোনিয়া হাবিব লাবনী, জোটের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী এবং সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল।
আলোচনা শেষে জোটভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও দেশাত্মবোধক পরিবেশনা উপস্থাপন করেন। নাচ ও দেশাত্মবোধক গানে দর্শকরা প্রাণবন্তভাবে অনুষ্ঠান উপভোগ করেন।
“মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত আমাদের সংস্কৃতি” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বিজয় উৎসব ১৫ ডিসেম্বর রাত পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানান।