মুন্সীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার পূর্ব শিলমন্দি এলাকার ওই কারখানায় অভিযান চালানো হয়।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, পূর্ব শিলমন্দি এলাকার সুমন লালের গোডাউন ঘরে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচলের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাৎক্ষণিক ভাবে তল্লাশি চালায়। অভিযানকালে গোডাউন থেকে তিনটি সীসা কার্তুজ, পাঁচটি লোহার বাট, সাতটি লোহার ব্যারেল, সাতটি রিকয়েল স্প্রিং, একটি ওয়েল্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, ছয়টি লোহার বোল্ট এবং লোহার তৈরি লেদ মেশিনসহ বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, আসন্ন নির্বাচন ও ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি হিসেবে ওই স্থানে অস্ত্র তৈরির কাজ চলছিল। সম্প্রতি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত অস্ত্রের সরবরাহও ওই স্থান থেকেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।