ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে দুর্ভোগ্য পোহাচ্ছে যাত্রীরা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়নি। সময় বাড়ার সাথে সাথে তা মহাসসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
ট্রাক চালক শফিক বলেন, ‘ মেঘনা সেতু পার হবার পর থেকে যানজট পেয়েছি। কি কারণে যানজট তা জানি না’।
বাস চালক কুরবান আলী বলেন, ‘ জামালদী থেকে ভবেরচর বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে ঘন্টাখানেক সময় লেগে গেলো। জানিনা কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারবো’।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, ‘দুর্ঘটনা কবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে’।