কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ নাজিমুদ্দিন খান
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২ টা ৩০ মিনিটে উপজেলার ফুকরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামা দ্বীন ইসলাম (২৫) ও ভাগনে মো. হোসাইন (১০) দুজনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের মাধ্যমে জানাযায় খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক এ কে এম হাসানুজ্জামান কালবেলাকে বলেন, ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা যাত্রী মুহাম্মদ দ্বীন ইসলাম (২৫) ও তার আপন ভাগনে মো. হোসাইন (১০) নামের দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।আহতরা হলেন মৃত দ্বীন ইসলামের পিতা আহম্মেদ খান(৫৫) ভাই নুর ইসলাম খান (১৮) বোন সুমাইয়া বেগম(৩৫) সকলেই করপাড়া গ্রামের বাসিন্দা।
এছাড়া ঘাতক রাজিব পরিবহন টি আটক করা হয়েছে। এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।