মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হৃদয় (২৭)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুরের রসুলপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে। আহতের নাম সাজ্জাদ (২৪)। তিনি সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার রবিউল আউয়ালের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৬টা ২১ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৩১ মিনিটে উদ্ধার কার্যক্রম শুরু করে। ঢাকা অভিমুখী কুচিয়ামোড়া ব্রিজের ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিংয়ে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ারের নেতৃত্বে উদ্ধারকারী দল আহত সাজ্জাদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে নিহত হৃদয়ের মরদেহ বডি ব্যাগে করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধার কার্যক্রম শেষে সকাল ৭টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট স্টেশনে ফিরে যায়।