শ্রীনগর প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সাবিত্রী (৪০) নামে এক নারী আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৫টা ১০ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর স্বপ্নধারা এলাকার পাশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি সাবিত্রীকে ধাক্কা দিলে তিনি আহত হন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
পরে আহত সাবিত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তিনি সাতক্ষীরা জেলার যুগিপুর এলাকার অনুকুল দেবের মেয়ে বলে জানা গেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের লিডার সুহেল রানার নেতৃত্বে একটি অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।