মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার কারেন্ট জালসহ বিপুল পরিমাণ জাল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল মাবুদের উদ্যোগে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেমের সমন্বয়ে মুন্সীগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিনোদপুর গোয়ালঘুরনি এলাকার জনৈক মো. কাউসারের একটি পরিত্যক্ত ঘর থেকে আনুমানিক ১ লাখ মিটার কারেন্ট জাল, ৫ হাজার সুতার রিল এবং ৩ হাজার ববিন উদ্ধার করা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল, সুতার রিল ও ববিন মীরকাদিমের কমলাঘাট এলাকার নদীর পাড়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।