মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গ্যারেজের বিভিন্ন মালামাল পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপে গ্যারেজে থাকা গুরুত্বপূর্ণ যানবাহন ও বৈদ্যুতিক সরঞ্জামসহ কোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাত ১২টার দিকে সিরাজদিখান বাজারে অবস্থিত পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুনে গ্যারেজে থাকা পুরোনো সিলিং ফ্যান, বিদ্যুতের মিটার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় গ্যারেজে থাকা একটি ডাবল-কেবিন পিকআপ, সাতটি মোটরসাইকেল, দুটি ট্রান্সফরমার, গ্যারেজের অবকাঠামোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল আগুনের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বলেন, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।