মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর রোড ও মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর রোডের আদি মধুবন মিষ্টিমুখ দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও জিলাপি তৈরি, জিলাপিতে নন-ফুডগ্রেড রং ব্যবহার এবং উন্মুক্তভাবে জিলাপি সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সমীর ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সামনে বিভিন্ন ডাবের দোকানে মনিটরিং করা হয়। এ সময় বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং যৌক্তিক মুনাফায় ডাব বিক্রির নির্দেশনা দেওয়া হয়। মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ডাব বিক্রেতা আজিজুল হককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ ও ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।