মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনা এবং বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি মানুষের ভালোবাসা তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণের অংশ হিসেবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট পরিদর্শনে আসছেন মার্সেলো কার্লোস সেসা।
জানা গেছে, আগামীকাল শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় তিনি শিমুলিয়া ঘাট এলাকায় পৌঁছাবেন। সফরকালে তথ্যচিত্রের শ্যুটিং শেষে পদ্মা নদীতে ভ্রমণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের নদীমাতৃক পরিবেশ, জনজীবন এবং ফুটবলপ্রেমী মানুষের আবেগ ও উচ্ছ্বাস আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যেই এই তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ শিমুলিয়া ঘাট ও পদ্মা নদীর মনোরম পরিবেশকে তথ্যচিত্রে স্থান দেওয়া হবে।
স্থানীয়রা মনে করছেন, আর্জেন্টিনার রাষ্ট্রদূতের এই সফরের মাধ্যমে মুন্সিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, নদীকেন্দ্রিক জীবনধারা এবং ফুটবল সংস্কৃতি বিশ্বদরবারে নতুনভাবে পরিচিতি পাবে।
রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে শিমুলিয়া ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনার রাষ্ট্রদূত শুক্রবার বিকেলে শিমুলিয়া ঘাট এলাকায় আসবেন।
তার সফরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।