লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতে মীরকাদিম পৌরসভায় ৩টি নতুন ফগার মেশিন সংযোজন করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও মীরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমানের নির্দেশনায় সম্প্রতি এসব ফগার মেশিন ক্রয় করা হয়। এর মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
পৌরসভা সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন ফগার মেশিন ব্যবহারের ফলে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মীরকাদিম পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। পাশাপাশি পৌরবাসীকেও বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।