মুন্সীগঞ্জ প্রতিনিধি:
নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত এক দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সম্প্রতি মিরকাদিম পৌরসভার আয়োজিত সেলাই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীদের মধ্যে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত ওই নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
এ সময় তিনি বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা স্বাবলম্বী হতে পারবেন এবং পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।
মিরকাদিম পৌরসভা সূত্রে জানা যায়, নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করবে এবং তাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পথকে আরও সুগম করবে।
মিরকাদিম পৌরসভা নারী উন্নয়ন ও কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।