লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ:
শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিশ্লেষণধর্মী দক্ষতার বিকাশে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় Educational Excellence Support Scheme (EESS) এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন শরীফ উল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শরিফুল ইসলাম। এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও স্মার্ট মানবসম্পদ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানের একপর্যায়ে জেলার ছয় উপজেলা থেকে নির্বাচিত ছয়টি দলের শিক্ষার্থীদের উপস্থাপিত স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া মূল্যায়ন করা হয়। মূল্যায়ন শেষে মোট ৯ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় সেরা প্রকল্প প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করে রিকাবীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়-এর তিন শিক্ষার্থী ও দুই শিক্ষকের দল। দ্বিতীয় স্থান অর্জন করে ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
আয়োজকরা জানান, “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” এবং “সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উদ্ভাবন, গবেষণা ও সৃজনশীলতার চর্চা আরও উৎসাহিত হবে।