মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি, পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য এবং জিআর ওয়ারেন্টভুক্ত এক তালিকাভুক্ত দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ তারিখে শ্রীনগর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে থানাধীন সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন লতিফ তালুকদারের পুকুর এলাকা থেকে মো. সাব্বির ফকির (২৫) নামে ওই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাব্বির ফকির শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার জনি ফকিরের ছেলে। তিনি একাধিক মামলার পলাতক আসামি এবং পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবে পুলিশের তালিকাভুক্ত ছিলেন।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেফতার এড়াতে তিনি পানিতে ঝাঁপ দেন। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।