মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি | শামীম হাসান রিংকু
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। “ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন হই, সুস্থ থাকি, নিরাপদ থাকি” স্লোগানকে সামনে রেখে শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেন।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মতিয়ার মোল্লা, চিকিৎসক ডা. দ্বীপ সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তা সম্বলিত প্রচারণা কার্যক্রমে অংশ নেন।