মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম-এর কঠোর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান-এর তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সিরাজদিখান থানার মালখানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মালখানগর ব্রিজের ওপর থেকে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নুর আলম বাবু (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নুর আলম বাবু ইছাপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।