মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বক্তারা ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় এবং সকলকে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
এছাড়া কোথাও যেন অপরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।