মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরশিলমন্দি এলাকায় মো. মোতালেব সরকারের বসতবাড়ির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমন খান (৩০)। তিনি মুন্সীগঞ্জের ভট্টাচার্যপাড়া এলাকার বাবুল খানের ছেলে। অপরজন মো. টিটু সরকার (৩৫), তিনি চরশিলমন্দি এলাকার মৃত মোতালেব সরকারের ছেলে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল চরশিলমন্দি এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই দুই ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।